ঢাকা, শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্রের মতো খালেদা জিয়াও কারাবন্দী: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের মতোই গণতন্ত্রের মাতা খালেদা জিয়া অন্যায়ভাবে কারাগারে আবদ্ধ হয়ে আছেন।’
আজ সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর এক আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে নজরুল ইসলাম খান এ কথা বলেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ। আমরা তাঁর রোগমুক্তি শুধুই নয়, আমরা তাঁর কারামুক্তি দাবি করি।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা দাবি করি, বাংলাদেশের বহু রাজনৈতিক নেতার মতোই তিনিও যেন তাঁর প্রয়োজনীয় চিকিৎসার জন্য প্রয়োজনে দেশের বাইরে যাওয়ার ‍সুযোগ পান। অন্যায়ভাবে এ ব্যাপারে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সেটা যেন প্রত্যাহার করা হয়।’

দেশের বর্তমান অবস্থা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, ‘দেশের মানুষ যে দুর্বিষহ অবস্থায় জীবন যাপন করছে, কোভিডের অসহায় শিকারে পরিণত হয়েছে, আমরা এর অবসান চাই। আমরা এটাও বিশ্বাস করি যে মানুষ ও দেশের চলমান সংকট নিরসনের সমাধান একটাই। আর তা হলো জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা।’জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ, শিরিন সুলতানা, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ প্রমুখ।